মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মিছিল ও সমাবেশ করার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সিরাজদিখান উপজেলা শাখার নেতা-কর্মীরা সমবেত হয়ে মিছিল ও পরবর্তী সমাবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।
এ ঘটনায় সিরাজদিখান থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ৬/১০/১১ ধারায় (মামলা নং–২২, ১৯ নভেম্বর) রুজু করা হয়। এরপরই থানার ওসি মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশ পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদিখানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সদস্য বাসাইল ইউপি যুবলীগ; মো. মন্টু ভূইয়া (৩০), সদস্য উপজেলা ছাত্রলীগ; নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), সাংগঠনিক সম্পাদক জৈনসার ইউপি ছাত্রলীগ; রহিম শেখ (২৪), সভাপতি মালখানগর ইউনিয়ন যুবলীগ; মকবুল হোসেন (৫৪), কেয়াইন ইউপি শ্রমিকলীগের সহ-সভাপতি; ইউসুফ শেখ (৪৯), রশুনিয়া ইউপি কৃষকলীগ সভাপতি; বাচ্চু সরকার (৪৮), কোলা ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক; আলমগীর হোসেন (৫০), হালিম বেপারী (৩৮), সদস্য উপ-কমিটি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মুন্সীগঞ্জ জেলা; সজিব মোল্লা (৩৬)।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাষ্ট্রবিরোধী নাশকতার উদ্দেশ্যে সমবেত হওয়ার তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অবৈধ সমাবেশ ও নাশকতার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। গ্রেপ্তারদের বুধবার (১৯ নভেম্বর) আদালতে হাজির করা হবে।