বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:১২ পিএম
দিনাজপুর জেলার বিরামপুরের ঐতিহাসিক রেলস্টেশনকে আধুনিকায়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্ট। পরে রেলপথ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন, অপারেশনস উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরামপুর রেলস্টেশন প্লাটফর্মে পেশাজীবী ঐক্য ফ্রন্টসহ শহরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, বর্তমানে বিরামপুর স্টেশন থেকে মোট ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন দুটি এখানে যাত্রাবিরতি দেয় না। এই দুই ট্রেনের যাত্রাবিরতি প্রদান করা হলে রংপুর বিভাগের যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং বৃহত্তর ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাবান্ধা ও ঢাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত আরও সুবিধাজনক হবে। এই স্টেশন দিয়ে চলাচল করা ট্রেনগুলোর আসনসংখ্যা অপ্রতুল, যা বৃহত্তর দিনাজপুর জেলার পাঁচটি উপজেলার লক্ষাধিক মানুষের জন্য যথেষ্ট নয়।
পেশাজীবী ঐক্য ফ্রন্ট নেতাদের দাবি, স্টেশনসংলগ্ন দক্ষিণ পাশের রেলগেট অত্যন্ত সংকীর্ণ, যা ট্রাফিকজট ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে। এই রেলগেটটি সম্প্রসারণ করা হোক, যাতে যানবাহন সহজে চলাচল করতে পারে এবং জনদুর্ভোগ কমে। এ ছাড়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কোনো পুলিশ ফাঁড়ি নেই। চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে অবিলম্বে এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন প্রয়োজন।
বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সরকার বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও নিরাপত্তা অনেক উন্নত হবে।
বিরামপুর রেলস্টেশন মাস্টার কাজি ফয়েজ আলাউদ্দীন জানান, পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন তারা।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, মানববন্ধন অংশগ্রহণকারীরা একটি স্মারকলিপি দিয়েছে, স্মারকলিপিটি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।