রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম
বাইক ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় জড়িত ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আদমজী র্যাব-১১ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মো. শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ এবং পিপড়াকাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।
র্যাব জানায়, কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘সিনেমাটিক স্টাইলে’ অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর থেকেই র্যাব-১১ চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল ‘সামির-তৈয়ব-রানা গ্রুপ’ ওই ঘটনার সঙ্গে জড়িত।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১ দলের সদস্যরা চক্রটির অবস্থান শনাক্ত করে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি ডামি রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১১ জানায়, ৩০০ ফিট এলাকায় সক্রিয় এই চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।