× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে উপজেলা পরিষদ ঘেরাও: আন্দোলনকারীরা নতুন ডিসির অপেক্ষায়

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

জামালপুরে উপজেলা পরিষদ ঘেরাও: আন্দোলনকারীরা নতুন ডিসির অপেক্ষায়

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৩টি সমবায় সমিতিতে রাখা আমানতের টাকা ফেরতের দাবিতে টানা ৭ দিন ধরে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করছেন কয়েক হাজার আন্দোলনকারী।

এখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ অন্তত ২৯টি সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, জেলার নতুন ডিসি’র আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে আবারও  আন্দোলনকারীরা অবস্থান নেওয়া শুরু করে উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা পরিষদের মূল ফটকের সামনে তারা বিভিন্ন স্লোগান দেন। বিকাল ৫টা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলে তাদের।

আন্দোলনকারীরা বলেন, অনেক স্বপ্ন নিয়ে লাভের আশায় সমিতিগুলোতে টাকা জমিয়ে ছিলাম। প্রতিষ্ঠানগুলোর মালিকরা ২০২২ সালের শেষের দিকে আত্মগোপনে চলে যায়। আমানতের টাকা উদ্ধার করতে এক বছরেরও বেশি সময় ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু ভালো ফলাফল পাচ্ছি না। অনেক কষ্টে উপার্জন করা টাকা আমরা বিভিন্ন সমবায় সমিতিতে সঞ্চয় করেছিলাম। আমাদের এই আন্দোলন চলমান থাকবে তারা জানান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও জানান তারা। 

তারা আরও জানান, শুধু মাদারগঞ্জ উপজেলা নয় ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী বকশীগঞ্জ এছাড়াও জামালপুর সদরের কয়েক হাজার গ্রাহক আছেন যারা এই সমিতিগুলোতে সঞ্চয় করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ৩৮ হাজার গ্রাহকের প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিলাস বহুল জীবনযাপন করছেন সমিতির মালিকরা। শুধু তাই নয়, ধরাছোঁয়ার অভ্যন্তরে থেকেও রহস্যজনক কারণে প্রশাসনের নীরব ভূমিকা জেলাবাসীর মনে নানা প্রশ্নের সঞ্চার করছে প্রতিনিয়ত।

আমানত উত্তোলন কমিটির আহ্বায়ক শিবলুল বারী বলেন, আমরা ভালো নেই। বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি মানববন্ধন, সমাবেশ, শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। তিনি বলেন, নতুন জেলা প্রশাসক যদি আমাদের পাশে থেকে সহযোগিতা করে এবং আশ্বস্ত করতে পারে তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নেব। 

এ বিষয়ে জানার জন্য মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহর সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মুস্তাফিজুর রহমান ভূঞা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আন্দোলনকারীরা  বিভিন্ন সমবায় সমিতিতে সঞ্চয় করেছেন। তাদের দাবি নতুন জেলা প্রশাসক যদি তাদের পাশে থাকে তাদের আশ্বস্ত করতে পারে তাহলে আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেবেন।

তিনি বলেন, আমরা আন্দোলনকারীর পাশে আছিÑ যারা টাকা জমিয়েছে আমরা চাই, প্রত্যেকেই তাদের আমানতের টাকা ফেরত পাক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা