চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:৫৪ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন (৪০) নামে এক যুবক ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন। হত্যাকারী রবিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে র্যাব-১১ রবিনকে গ্রেপ্তার করেছে।
রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজি শামসুন নুর পটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে এর আগে হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, ভিকটিম ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় করে রাতে বিক্রিকৃত টাকা মোটরসাইকেলযোগে ডিলারের কাছে পৌঁছে দিতে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেপ্তারকৃত আসামি রবিন ও তার সহযোগীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার কাছ থাকা পণ্য বিক্রির নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে সে আসামিদের পিছু নেয়। একপর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর সমিতির পোলেরগোড়া নামক স্থানে লোকজন দেখে রুহুল আমিন সাহায্যের জন্য ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। তখন ডাকাত রবিন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় রবিনকে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।