× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির বিক্ষোভ

খুলনা অফিস

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম

আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির বিক্ষোভ

খুলনা মহানগরে খুন, ছিনতাই, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতারা অভিযোগ করেন খুলনার পুলিশ প্রশাসন চেয়ারে বসার অধিকার হারিয়েছে।

নেতারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে খুলনা নগরীতে ধারাবাহিকভাবে শিশু, তরুণ ও রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটলেও পুলিশের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। তারা অভিযোগ করেন, ঘরে-বাইরে, রাস্তায়, এমনকি ঘুমের মধ্যেও মানুষ খুন হচ্ছে; অথচ পুলিশ তা ঠেকাতে ব্যর্থ। নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রধারীদের দাপট বেড়ে যাওয়ায় খুন, হামলা, চাঁদাবাজি, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনসহ নানা অপরাধ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। খুলনার মানুষ এখন দিনের আলোতেও নিরাপদ নয়Ñ বলেন বক্তারা।

সমাবেশে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের সঙ্গে পুলিশের অস্বচ্ছ যোগসূত্রের অভিযোগও তোলা হয়। নেতারা বলেন, মাদকচক্রের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তরুণরা সহজেই মাদকে জড়িয়ে পড়ছে। এছাড়া বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরে তারা অভিযোগ করেন। যুবদল নেতা মানিক হত্যায় পরিকল্পিতভাবে চার্জশিটে শুধু একজনকে আসামি করা হয়েছে; দৌলতপুরের যুবদল নেতা মাহবুব হত্যায় মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে; আর চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে সংঘটিত শতাধিক হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের শনাক্ত করতেও ব্যর্থ হয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে প্রশ্ন তুললে পুলিশ মামলার সংখ্যা ও চার্জশিটের হিসাব দেখিয়ে দায় এড়িয়ে যায় বলেও অভিযোগ করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল এখন নিরাপদে থাকবে; কিন্তু বাস্তবে খুলনা পরিণত হয়েছে ভয়-আতঙ্ক ও অস্থিরতার নগরীতে। নেতারা অভিযোগ করেন, পুলিশের গাফিলতি, অবহেলা ও অপরাধচক্রের সঙ্গে অস্বচ্ছ সম্পর্কের কারণেই খুলনায় অপরাধ দমনে ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, মহানগরে এদিনের সমাবেশের পর আগামী দিনে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানানো হয় এবং সব ধরনের “ষড়যন্ত্র মোকাবিলায়” নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, কাজী মিজানুর রহমান, অ্যাড. শেখ মোহাম্মদ আলী, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদসহ মহানগর, থানা, ওয়ার্ড ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা