গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) মারা গেছেন । মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মারা যাওয়া মুরাদ হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার। কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা ছিল। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫। তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কারাবিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।