জৈন্তাপুর (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ছিল উৎসাহ ও স্বস্তির হাসি।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকারের সহায়তা যথাযথভাবে কাজে লাগোনোর মধ্য দিয়ে কৃষকদের আন্তরিকভাবে মাঠে কাজ করতে হবে। পাশাপাশি কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টা প্রশংসনীয়।
জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার বলেন, এ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখবে এবং তাদের আধুনিক কৃষি ভাবনায় উৎসাহিত করবে। তিনি জানান, রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার, যারা কৃষকদের নানামুখী দিক-নির্দেশনা প্রদান করেন।
কর্মসূচির অংশ হিসেবে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ১ কেজি করে সরিষার বীজ, পাশাপাশি ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ ও সার বিতরণে কৃষকদের রবি মৌসুমের প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকদের বক্তব্যÑ মৌসুম শুরুর আগে বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে তারা চিন্তিত ছিলেন। তবে বিনামূল্যে সরিষার বীজ, প্রয়োজনীয় সার পেয়ে তাদের প্রাথমিক যাত্রার চাপ অনেকটাই কমে গেছে।
নতুন মৌসুমের শুরুতে এ সরকারি সহায়তায় কৃষকদের কাছে শুধু প্রণোদনা নয়, বরং তাদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসকে আরও উৎসাহ দেবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যথাযথ তদারকি ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টা মিললে জৈন্তাপুরে সরিষা আবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।