× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালাইয়ে নবান্ন ঘিরে জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৭ এএম

কালাইয়ে নবান্ন ঘিরে জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা

জয়পুরহাটের কালাইয়ে বাঙালি সংস্কৃতির নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উৎসব বিরাজ করছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকানগুলোতে চলছে মাছ বেচা-কেনার ধুম। এ  এলাকার জামাইয়েরা মেলার বড় বড় মাছ কিনে নিয়ে যান শশুর বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, এক দিনের মাছের মেলার অপেক্ষায় থাকেন এ উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষেরা। প্রায় বিশ বছর ধরে চলছে মেলাটি। প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষে বসা জামাই মেলায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন মাছ কিনতে। বোয়াল, গ্রাসকার্প, রুই, সিলভার কার্প, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। 

মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন-জুড়ানো সব মাছের পসরা। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য। দোকানগুলোতে থরে থরে সাজানো মাছগুলো প্রায় সবই বড় আকারের। ছোট মাছ নেই বললেই চলে। আকারভেদে ৪০০ থেকে ১৫০০ টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে। মাছের মেলাকে কেন্দ্র করে উপজেলাসহ ২০-২৫টি গ্রাম-মহল্লার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ সাধ্য অনুযায়ী তার পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন। মেলা উদযাপন করতে আসেন জামাই-মেয়েসহ আত্মীয়-স্বজনরা।

মেলায় মাছ কিনতে আসা আব্দুন নুর নাহিদ, হেলাল, হোসেন আলী, আজমল হোসেন, পরিমল কর্মকার, প্রকাশ মহন্ত, সোহেল রানাসহ অনেকের সাথে কথা হয়। তারা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসা মাছের মেলায় প্রচুর আমদানি থাকলেও দাম হাকা হয় অনেকটা বেশি। 

স্বর্ণ ব্যবসায়ী পরিমল কর্মকার এসেছেন তার মেয়েকে নিয়ে। তিনি একটি কাতলা মাছ কিনেছেন ৫ হাজার টাকা দিয়ে। নজরুল ইসলাম এসেছেন নাতি-নাতনীকে নিয়ে। ৮ হাজার টাকায় একটি ব্ল্যাক কার্প মাছ কিনেছেন। মেয়ে-জামাইসহ নিকট আত্মীয়দের দাওয়াত করেছেন। সবাইকে নতুন চালের ভাত এবং মাছ খাওয়াবেন বলে জানান তিনি।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার মাছের দাম খুব বেশি। মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা-কেনা সে তুলনায় কম। তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করছেন তারা। 

নবান্ন উৎসব উপলক্ষ্যে মাছের মেলার ইজারাদার আব্দুল আলিম জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে জামাই মেলাটি উপভোগ করা হয়। বড় বড় মাছ বেচা-কেনা হচ্ছে। আগামীতে মেলার পরিধি আরও বাড়বে বলে আমি আশাবাদী।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে হাট কমিটি থেকে প্রতিবছর এ মাছের মেলার আয়োজন করে থাকে। এটা শুধু মাছ বিক্রি নয় আনন্দ উৎসবও বটে। কালাই মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর থেকে মাছের মেলায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা