প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার (১৭ নভেম্বর) পদযাত্রা করেছেন তার অনুসারীরা।
অন্যদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে পরিবর্তনের দাবিতে একই দিন মানববন্ধন ও মশাল মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বান্দরবান : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানে পদযাত্রা করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর হাজারো নেতাকর্মী অংশ নেন।
সোমবার সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সমবেত হন। পরে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।
পদযাত্রায় বক্তারা বলেন, পাহাড়ে পাহাড়ি বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব দরকার। তাদের দাবি, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সফল পৌর মেয়র জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।
মুক্তমঞ্চে বক্তৃতা করেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে পাল্টানোর দাবিতে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও মশাল মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
সোমবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। চট্টগ্রাম-২ আসনের দুঃসময়ের ত্যাগী নির্যাতিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ ব্যানারে আয়োজিত এ মিছিলে বহু নেতাকর্মী আজিম উল্লাহর পক্ষে স্লোগান দেন। তবে মনোনয়নবঞ্চিত নেতা আজিম উল্লাহ মিছিলে উপস্থিত ছিলেন না।
এর আগে বিকালে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ মানববন্ধন করেন আজিম উল্লাহর সমর্থকরা। মানববন্ধন শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার দীর্ঘদিন ধরে ফটিকছড়ির আওয়ামী-নির্যাতনের সময় ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করেছেন। তৃণমূলের কাছে তিনি একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য নেতা হিসেবে সমাদৃত। তারা দ্রুত আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।