পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয় বলে কারাগার সূত্রে জানানো হয়।
সোমবার দুপুরে নিহত জাফর হাওলাদারের ভাগ্নি রুমা জানান, আমার মামা সুস্থ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।
কারাগার সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। পরে মাত্র ১০ মিনিটের মধ্যে ১টা ৪০ মিনিটে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে তিনি মারা যান।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।