ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি মাইক্রোবাস তল্লাশি করে দুই বস্তা গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে মহাসড়কের হাজারী রোডের মাথা থেকে তাদের আটকের পর দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ এলাকার ভুলইন দাসপাড়ার আফজাল হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২০) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মানিকপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে শাহীন হোসেন শামিম (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১০ টার দিকে মহাসড়কের মহিপাল ফ্লাইওভার সংলগ্ন হাজারী রোডের মাথায় সন্দেহ ভাজন পরিবহন তল্লাশি চালানো হয়। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাসে থাকা ২টি বস্তা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িটি জব্দ করে চালকসহ আরও একজকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, জব্দকৃত মাদক, মাইক্রোবাস ও আটককৃত ২ ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।