চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইউএনও মো. জামাল হোসেন বলেছেন, নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটা ভবনের ফাউন্ডেশনের মতো। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে। আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) উপজেলার বাতিসা ইউনিয়নের নামকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এসব কথা বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দিন।
মাদ্রাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া, আবদুল হান্নান, আবুল খায়ের, মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির আহম্মদ ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা।