শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি হলেনÑ উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে সাইফুল ওয়াদুদ (৫১)।
সোমবার (১৭ নভেম্বর) কালিগঞ্জ সেনাক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী আসামির বাড়ি ঘেরাও করে। টহলদলের উপস্থিতির টের পেয়ে সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেনাবাহিনীর তাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি সিঙ্গেল ব্যারেল শটগান, ২৭টি শটগানের গুলি, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি ছোট কুড়াল, ৪টি বাটন ফোন ও ১টি এন্ড্রয়েডে ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং তার সহযোগীরা দীর্ঘদিন যাবত সুন্দরবনের গভীরে ডাকাতি ও লুটতরাজের সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও ওই আসামি বিগত ২০১৭ সালে একটি অস্ত্র মামলার আসামি।