লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৪৯ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় লোহাগাড়া বাজারের ইটারি রুফটপ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম তৌহিদুল হাসান। তিনি লোহাগাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাইতুননুর পাড়ার আমির হামজার ছেলে। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তৌহিদুল হাসান এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি (অফিসার ইনচার্জ) আরিফুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।