নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম
পিরোজপুরের নেছারাবাদে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় মহিলা দলের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে পিরোজপুর-২ আসনে মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হোসেনের সমর্থকগোষ্ঠীর আয়োজনে তার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
হামলার ঘটনায় নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিএনপি নেতা ইমাম উদ্দীন তালুকদার। এ ঘটনায় নেছারাবাদে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে ইমাম উদ্দীন তালুকদার অভিযোগ করেন, পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হোসেনের পক্ষে মহিলা দল ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে। সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামে ওই আয়োজনে তিনি অতিথি হিসেবে পৌঁছালে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের অনুসারীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা মহিলা দলের ব্যানার-লিফলেট ছিনিয়ে নিয়ে তাদের কর্মীদের তাড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।
ইমাম উদ্দীন তালুকদার আরও বলেন, পিরোজপুর-২ আসনে জনপ্রিয় নেতা মাহমুদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে। বারবার জামানত হারানো একটি পরিবারের হাতে মনোনয়ন যাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রয়েছে। তারপরও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছি।
অভিযোগের বিষয়ে জানতে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হাওলাদার অভিযোগ করে বলেন, দল থেকে আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে শুধু প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত নয়। এর মধ্যেই তার অনুসারীরা তারেক রহমানের ৩১ দফা প্রচারে হামলা চালিয়েছে। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩১ দফা প্রচারে কেউ হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে।
ঘটনাস্থলে থাকা কর্মীরা জানান, লিফলেট বিতরণের একপর্যায়ে সুমনপন্থীদের একটি দল এসে ব্যানার ছিনিয়ে নেয় এবং কয়েকশ’ সমর্থককে জোর করে স্থান ত্যাগে বাধ্য করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনেক নারী আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অতর্কিত হামলায় কয়েকজন আহত হওয়ারও অভিযোগ রয়েছে।
লিফলেট কর্মসূচিতে অংশ নেওয়া মহিলা দলের নেত্রী মোসা. মাসুমা বেগম বলেন, আমরা কারও ব্যক্তিগত প্রচার করিনি, কেবল দলের ৩১ দফা প্রচারে মাহমুদ হোসেনের সমর্থনে অংশ নিয়েছিলাম। হঠাৎ বিগত সরকারের সাবেক এমপি মহারাজের ঘনিষ্ঠ কয়েকজন এসে ব্যানার ছিনিয়ে নেয় এবং সন্ত্রাসী কায়দায় নারী কর্মীদের ধাওয়া করে। এগুলো সুমনপন্থী লোকজনই করেছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমীন জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।