কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:২১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম
রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকালে কাপ্তাই-আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেষ্টের কামিলাছড়ি বিট এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া সুবিতা চাকমা নামে আরেক বৃদ্ধা আহত হন।
নিহত ঝর্ণা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা। এ সময় একটি সিএনজি ভাঙচুর করে বন্যহাতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, সকাল থেকেই কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আগমনের খবর পাওয়া যায়। বিকালের দিকে খবর আসে বন্যহাতির দল একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে। পরে বনবিভাগের সদস্য, হাতি রেসপন্স টিম, ফায়ার সার্ভিস সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে এলে কামিলাছড়ি এলাকায় গিয়ে দেখতে পান ভাঙচুর করা সিএনজি। এ সময় সিএনজিতে থাকা দুই বৃদ্ধাকে আহত অবস্থায় পাওয়া যায়।
রেঞ্জ অফিসার আরও জানান, এদের মধ্যে একজনের মাথায় গুরুতর জখম এবং অন্যজন সড়কের পাশে খাদে পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বনবিভাগের সদস্যরাও উদ্ধার করতে গিয়ে বন্যহাতির আক্রমণ ঝুঁকিতে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগীতায় সবাইকে উদ্ধার করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ সিএনজি অটোরিকশাসহ সকলের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে নিশ্চিত করেন ওমর ফারুক স্বাধীন।