কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে দলের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ বহুদিন ধরে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, তাই তারা এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু সেই ভোটকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক–নির্বাচনী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার আসবে তা হবে জনগণের সরকার, আর যারা নির্বাচিত হবেন তারা হবেন জনগণের এমপি। পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের নয়—উল্লেখ করে তিনি বলেন, পিআরসহ বিভিন্ন অজুহাতে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার নানা ষড়যন্ত্র চলছে, যা সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেছেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাদ চৌধুরী পিটার।
সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।