শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের অধিকার ও জবাবদিহিমূলক সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমেই দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর অধিকার প্রতিষ্ঠায় পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মাগুরার মহম্মদপুর শহীদ আহাদ–সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকাল ৪টায় শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সেই ভোটাধিকার ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। ভোটাধিকার রক্ষায় মাগুরা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট রোকনুজ্জামান চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, সামসুর রহমান, মনিরুজ্জামান, মোতালেব শিকদার, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাঈমুর আলী মৃধা প্রমুখ।