নারায়ণগঞ্জ-৫
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
বিএনপি বাঁচাও, নারায়ণগঞ্জ-৫ আসন বাঁচাওÑ এ স্লোগানকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ঠেকাতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন মনোনয়নবঞ্চিত একজন শিল্পপতি, সাবেক এমপিসহ পাঁচ বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে একযোগে মাঠে নামার এই ঘোষণা দেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা। অনেকটা নাটকীয়তার মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্থানীয় অনেক সাংবাদিক এ সংবাদ সম্মেলনের খবর জানেন না।
এতে মনোনয়ন প্রত্যাশীদের বাইরে দল ও দলের অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি। উপস্থিত ছিলেন না থানা কমিটির শীর্ষ নেতারাও। ফলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গ্রুপিং আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিপাকে পড়েছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও বিএনপি সমর্থিত শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এক মঞ্চে উপস্থিত ছিলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। আজ সোমবার শহরের মিশনপাড়া এলাকায় জনসভার ডাক দিয়েছেন তারা।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, এই আসন থেকে জনগণ আমাকে একাধিকবার নির্বাচিত করেছেন। ত্যাগীরা যদি সুযোগ না পায় তাহলে সামনের দিনে রাজনীতি অনেক কঠিন হয়ে পড়বে। আমাদের একটাই পরিচয় আমরা ধানের শীষের লোক। আগামী নির্বাচনে অবশ্যই বিজয়ী হতে হবে। আমরা সঠিক নেতৃত্বের জন্য তাকিয়ে আছি।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশীতভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যেটা আমরা ভাবতে পারিনি। তিনি দুই মাস আগে দলে যোগ দিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে প্রার্থী করা হয়েছে, এ ধরনের লোকের কথা আমরা চিন্তাও করিনি যে প্রার্থী হতে পারেন। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে একটি দরখাস্ত দিয়েছি। এ আসনে প্রাথমিকভাবে যাকে প্রার্থী দেওয়া হয়েছে, তার বদলে মহানগর বিএনপির যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেওয়া হোক।
মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপি বাঁচাও, নারায়ণগঞ্জ-৫ আসন বাঁচাওÑ এ স্লোগান দিয়ে বলেন, আমাদের অভিভাবক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাই নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন যেন পুনর্বিবেচনা করা হয়।
মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক।
অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটি আমাকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি দলের সবাইকে নিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব। তিনি বলেন, সাবেক এমপি আবুল কালাম আমাদের নারায়ণগঞ্জের মুরব্বি। এ ছাড়া মনোনয়নবঞ্চিত নেতারা আমার সঙ্গে থাকবেন বলে আশা করি। আমরা মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করব।