নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম
নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যরাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে উত্তর সোনাপুর এলাকায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবলীগের উপজেলা শাখার সদস্য মেহেদী হাসান ভিডিওটি তার ফেসবুক পেজে পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, ১৪ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী মুখে মাস্ক ও গামছা বেঁধে অলিগলির ভেতর দিয়ে মহাসড়কে উঠেন। পরে তাদের একজন সড়কের ওপর রাখা টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকে। এ সময় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুলিশের ভাষ্য, টায়ার জ্বালানো ও ফটকা ফাটিয়ে রাতের অন্ধকারে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে যান চলাচল তুলনামূলক কম থাকায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছি, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।