শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বারতোপা গ্রামের ওই ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের কমকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকে রাত যাপন করেন। এদিনও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দৈনন্দিন নিয়মিত কাজ শেষে তিনি ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে আরও চারজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে এবং বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই শব্দে তিনিসহ অপর চারজন কর্মকর্তা-কর্মচারীর ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে বের হলে প্রধান ফটকে আগুন দেখতে পান। এ সময় সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বড় ধরেনের কোনো দুর্ঘটনা না ঘটলেও ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে যায়।
আব্দুর রাজ্জাক জানান, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারীক জানান, গ্রামীণ ব্যাংকের বারাতোপা ব্রাঞ্চের গেটের বাইরে কে বা কারা পটকা ফুটিয়ে থাকতে পারে। এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। আমিসহ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, পুলিশের টহল জোরদার থাকায় দুর্বৃত্তরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।