সিলেট অফিস
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
প্রতিকী ছবি।
সিলেটে নিজ বাসা থেকে প্রিমা শর্মা (২২) নামে এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিমা শর্মাকে শনিবার সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে প্রিমাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রী অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।