গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি কৃষি খাস জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৫ নভেম্বর) সকালে চরবাংলার পোটকারচর এলাকায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফোরকান হাওলাদার, চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার, স্থানীয় বাসিন্দা মনির হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, মোক্তার হোসেন হাওলাদার, আরিফ, আজিজুল শিকদার, রেপতি বেগম, পিয়ারা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিস থেকে প্রত্যায়ন পাওয়া ভূমিহীন কৃষকরা চাষাবাদে নামলে একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক কৃষি খাস জমি দখলের চেষ্টা করছে। গত বৃহস্পতিবার বিএনপি নেতা আলী আশরাফ মোল্লার নির্দেশে এ চক্রের সদস্যরা কৃষকদের তরমুজ ক্ষেতের ঘর ভেঙে হামলা চালায়। বাধা দিতে গেলে কৃষকদের মারধর করা হয়। আবার আহতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন কৃষক সমিতির সভাপতি সিরাজ খা।
তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক কারণে ভূমিহীনরা জমি ভোগদখল করতে পারেনি। এখন আনোয়ার হাওলাদারের নেতৃত্বে যখন প্রকৃত ভূমিহীনরা জমিতে ভোগদখল ও চাষাবাদ শুরু করতে চাইছে তখনই ভূমিদস্যু চক্র বাধা দিচ্ছে।
এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফোরকান হাওলাদার বলেন, চরবাংলার সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এটি ভূমিহীন জনগণ ও সমবায় সমিতির দ্বন্দ্ব।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মোল্লা বলেন, আমি রাজনীতি করি, ভুক্তভোগীরা আমরা কাছে আসলে আমি শুধু তাদের আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি। এর বাইরে কোনো সংশ্লিষ্টতা নেই।
গলাচিপা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিলোন শিকদার জানান, চরবাংলার ঘটনায় উভয় পক্ষই পৃথক এজাহার দিয়েছে। এতে প্রায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে।