বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস উপলক্ষে বরগুনায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ এবং প্লানেটিয়ার্স ক্লাব যৌথভাবে এক কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি মসজিদ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরিবেশ ও জলবায়ু ন্যায্যতার দাবি ছড়িয়ে দিতে এতে অংশ নেন বিভিন্ন বয়সের সাইক্লিংপ্রেমী, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতারা। কর্মসূচিতে অংশ নেয় বরগুনা সাংবাদিক ইউনিয়ন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং স্থানীয় সাইক্লিং গ্রুপের সদস্যরা।
র্যালিতে উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, ওয়ালি উল্লাহ আল আমিন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজনসহ অন্যান্য অতিথিরা।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি উপকূলেই হয়। তাই পরিবেশ রক্ষার এই উদ্যোগগুলো সবাইকে সচেতন করবে।’
ধরা বরগুনা জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ বলেন, আমাদের লক্ষ্য- সাধারণ মানুষকে জলবায়ু সংকট সম্পর্কে আরও সচেতন করা এবং পরিবেশ রক্ষার আন্দোলনকে শক্তিশালী করা।
আয়োজকরা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি দৃশ্যমান। তাই পরিবেশবান্ধব উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে নিয়মিত এমন কর্মসূচি খুবই প্রয়োজন।