উখিয়া ( কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ৬৪ উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালি বিওপির বিশেষ টহল এ অভিযান পরিচালনা করে।
আটক মাদককারী মো. সাদেক হোসেন (২২) থাইংখালী ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা হবে বলে জানিয়েছেন বিজিবি।
৬৪ উখিয়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জসিম উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রহমতের বিলের নারিকেল বাগান সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিল। ওই সময় মিয়ানমার হতে তিন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ পর্যায়ে দুজন পালিয়ে গেলেও ব্যাগসহ সাদেক নামে এক রোহিঙ্গা যুবকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তাকে রহমতের বিলের আব্দুস সালামের ছেলে আব্দুর রহিম (৩২) ৯ হাজার টাকার বিনিময়ে ইয়াবার চালান বহন করার জন্য ব্যবহার করছিল।
তিনি আরও জানান, মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা ইয়াবা ট্যাবলেট ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।