নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ট্রলারটি মাঝ নদীতে তলা ফেঁটে পানির নিচে তলিয়ে যায়।
নিহত উদ্ধার দুই যুবকের নাম রনি সরদার ও শুভ। নিহত রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকালে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এসময় তলা ফেঁটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ রাতে বন্ধ করে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন রকম অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।