নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২২:২৮ পিএম
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছরের বর্ণিল জীবন কাটিয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি চলে যান না-ফেরার দেশে।
তার জন্মবার্ষিকী উপলক্ষে নিজগ্রাম কুতুবপুরে কোরআন খতম, আনন্দ শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শহীদ স্মৃতি বিদ্যাপীঠে সকাল থেকে এসব কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম ইসলাম চৌধুরী। শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু প্রমুখ।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।
এছাড়া নেত্রকোণা জেলা শহরে হিমু পাঠক আড্ডা নামে স্বেচ্ছাসেবী একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।