কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
তবে আটক পাচারকারিদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে তথ্য দেন তিনি।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, সাম্প্রতিক সময়ে সাগরপথে খাদ্যসহ নানা চোরাইপণ্য পাচারের বিনিময়ে মাদকের চালান নিয়ে আসার সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় দুই মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলার দুইটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলার দুটি জব্দ করতে সক্ষম হয়।
পরে ট্রলার দুইটি তল্লাশী চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা মটর ডাল এবং ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ ২২ পাচারকারিকে আটক করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, কোস্ট গার্ডের এই কর্মকর্তা।