রাজশাহী অফিস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম
প্রতিকী ছবি।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে এক অজ্ঞাত যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা একালায় বিচারকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাত যুবক বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামেক হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ইনচার্জ ডা. কে শঙ্কর জানান, বিকালের দিকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ নিয়ে আসে। এখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজন নারী ও একজন যুবককে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, হামলাকারী যুবক এবং বিচারকের স্ত্রী যেহেতু অজ্ঞান আছে, তাই এখনই ঘটনার প্রকৃত জানা সম্ভব নয়। তবে আমরা তদন্ত করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।