শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম
শরীয়তপুরের জাজিরায় একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন বলে জানান স্থানীয়রা। এ সময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে আধাঘণ্টার বেশি সময় ধরে ঢাকা- শরীয়তপুর যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে সটকে পড়েন দুষ্কৃতকারীরা। পরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেইজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। তাছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।