× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কথিত লকডাউন কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আছমা আক্তার (৪৫), গিয়াসউদ্দিন মিয়া (৪৩) হাবিবুল্লাহ মিয়া (৫৬), পিয়ারিম (৪২), কামাল হোসেনসহ (৩৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আছমা, গিয়াসউদ্দি, হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কথিত লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম লোকজনদের সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী ও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এদিকে কাকাইলমোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানে হামলা ও লুটপাট করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা