মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৪:৫৭ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গভীর রাতে কিশোরগঞ্জে কটিয়াদীতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কালা মিয়া লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল করেন তারা। এতে বেশকিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানা স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তারা।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালা মিয়াকে আটক করে।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক এসআই সুলতান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলমান। আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।