ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:০২ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধের কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়িয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ছয়টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় তারা এই অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধকারীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সড়কে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, কিন্তু সড়ক অবরোধের কারনে ভাঙ্গায় আটকা পড়েছি।’
এসময় ঢাকামুখী বেশ কিছু অ্যাম্বুলেন্সও ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, অবরোধকারীদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিপরীতে ভাঙ্গা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। তারা ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করে এবং বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।