হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারাই দেশে নাশকতা করছে, বাস আগুন দিচ্ছে, স্কুলে ঢিল ছুড়ছে, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে এক জনসমাবেশে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি।
ভিপি নুর বলেন, এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের শিকলে বন্দি ছিল, যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার স্বাধীনতা ছিল না, দেশে একদলীয় শাসন কায়েম হয়েছিল, সেই কঠিন সময়ে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম, সেই লড়াই সংগ্রামকে আজ একটি পরিণতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আগামী সংসদ নির্বাচনে। এই নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কাদের হাতে এই দেশ তুলে দিবেন, কাদের আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে। সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে, আলোচনা করে আগামীতে এই রাষ্ট্রকে বিভাবে গড়ে তোলা যায় তার একটি রূপরেখা প্রস্তুত করেছে, যার নাম হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদের আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি।
নুর আরও বলেন, বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, নাগরিকদের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে এই দেশকে একটি বহুমুখি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। তরুণ ও প্রবীণদের ত্যাগের কারণেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে।
হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।