ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
প্রতিকী ছবি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ পেট্রোল ও হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে ভাংগা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় হাতে তৈরি বিপুল সংখ্যক পেট্রোল বোমা, হাতবোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার গ্রামের নূর মোহাম্মাদ স্নপনের ছেলে রাকিব হোসেন(২৫), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতরা কী উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল এবং বোমাগুলো কোথা থেকে এসেছে-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।