ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দিবসটিকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে র্যালি বের হয়ে নতুন বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এ সময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. শওকত হোসেন, ভোলা প্রেস ক্লাবের আহ্বায়ক আমিরুল ইসলাম বাছেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুলক হক, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ।
এ সময় তারা বলেন, ১৯৭০ সালে ভয়াল ১২ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে সারাদেশে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ভোলা জেলায় কয়েক লাখ মানুষ নিহত হয়। ’৭০-এর ঘূর্ণিঝড়ের এত বছর পার হয়ে গেলেও আজও উপকূলবাসী নিরাপদ নয়। উপকূলের সমস্যা, সংকট এবং জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের ন্যায্যতার ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন তারা।