গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক নেতা রাকিব উদ্দিন সরকার, বশির উদ্দিন, সুমন সরকার প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গাজীপুর-৬ আসন সোমবার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও অবিভক্ত গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার জানান, গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।