ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী বড়বাজারে দুই আড়তদারকে এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ফেনী বড়বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসলামপুর রোডের মেসার্স আল্লাহর রহমত স্টোর ও এস আর রাইচ এজেন্সি কর্তৃপক্ষ অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণে ব্যর্থ হওয়ায় উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয় ও ব্যবসায়ীদের যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহায়তা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, একটি অসাধু চক্র কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অভিযান অব্যাহত রেখেছে।