কুমিল্লা অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম
কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় টাস্কফোর্স অভিযানে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪ শত টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায়, সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্সসামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মালামাল পরবর্তী সময়ে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।