পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৪:০৪ পিএম
রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
ওই বিষয়ে এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাদ্রাসার হিসাব-নিকাশ নেওয়ার জন্য দেওয়া হয়েছে অভিযোগ। এ অভিযোগ পত্রে ১ শত ৫৭ জন এলাকাবাসী স্বাক্ষর করেন। এছাড়াও ওই মাদ্রাসা প্রধানের অর্থ নয়ছয়ের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে হিসাব নেওয়ার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যদিও ওই কমিটির কাছে কোনো হিসাব দেওয়া হয়নি। তারপর ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকার মানুষ।
এসব বিষয়ে সরেজমিন তদন্ত করতে গেলে, ওই এলাকার বহু মানুষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান। তাদের সকলের অভিযোগÑ হিসাব চাই। হিসাব চেয়ে, না পেয়ে এর আগে ওই মাদ্রাসা প্রধানের কক্ষে তালাও ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
মাদ্রাসার বিষয়ে স্থানীয় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বলেন, এলাকাবাসী ওই মাদ্রাসার সবকিছুর হিসাব চায় অথচ সুপার তিনি হিসাব দিতে চান না। আমরা হিসাবের কথা বলেছি, সে বলেছেন শিক্ষা অফিসার ও ইউএনএর কাছে হিসাব দেবেন, এলাকাবাসীর কাছে হিসাব দেবেন না।
ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাতি কামরুজ্জামান বাবু বলেন, এখানে প্রায় অর্ধ কোটি টাকা অনিয়ম ধরা পড়েছে। আমরা হিসাব চেয়েছি আমাদের কাছে তিনি হিসাব দেবেন না। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা এলাকাবাসী এর বিচার চাই।
মাদ্রাসার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ তিনি বলেন, এই মাদ্রাসায় আমি শুধু কাগজে-কলমেই দায়িত্ব পেয়েছি। আমার কাছে কোনো হিসাব দেওয়া হয়নি। আমি বহুবার হিসাব চেয়েছি, সুপার সাহেব হিসাব দিতে চান না। এখানে ব্যাপক আর্থিক অনিয়ম দুর্নীতি আছে। যার কারণে তিনি সাফ জানিয়ে দিয়েছেনÑ কারো কাছে হিসাব দেবেন না। আমরা হিসাব চেয়েছি অসুস্থতার ভান করে বেশ কয়েকদিন থেকে প্রতিষ্ঠানে সে আসেনি।
ওই মাদ্রাসার অভিযুক্ত সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বলেন, এখানে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম করা হয়নি। এগুলো মিথ্যে অভিযোগ, আমাকে হেনস্তা করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান তিনি বলেন, যতগুলো প্রতিষ্ঠান থেকে আর্থিক অনিয়মের অভিযোগ আসে আমার কাছে। যথাসময়ে এসব হিসাব দেওয়া হলে এই ধরনের অভিযোগ কমে যেত। ওই মাদ্রাসা থেকেও একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, পরবর্তী সময়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তাকে আমি ডেকে ছিলাম।