প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৪৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
গতকাল সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ‘ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কীভাবে আগুন লেগেছে, তা পুলিশ তদন্ত করছে।’
এদিকে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।
এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।