জলঢাকা (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
নীলফামারী জলঢাকায় স্মরণকালের মোটরসাইকেল শোভাযাত্রা সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে জলঢাকা শহরে প্রায় আধা ঘণ্টার জন্য থমকে গেল! ঝাঁকে ঝাঁকে প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল বেরুতে লাগল জলঢাকা ডাকবাংলো থেকে শহরের আবু সাঈদ চত্বর হয়ে ডালিয়া মহাসড়কের দিকে। দুই পাশে উৎসুক জনতা দাঁড়িয়ে বিস্মিত চোখে দেখতে লাগল স্মরণকালের বৃহত্তম মোটরসাইকেল শোভাযাত্রাটি। জলঢাকার মানুষ এতগুলো মোটরসাইকেলের এত বিশাল শোভাযাত্রা এর আগে কখনও দেখেনি বলে অনেকের মন্তব্য। দাঁড়িপাল্লা মার্কার লোগো সংবলিত সবুজ ফিতা মাথায় বেঁধে মোটরসাইকেল আরোহীরা দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে জলঢাকা শহর প্রদক্ষিণ করে ডালিয়া রোড হয়ে এগিয়ে চলল গোলমুন্ডার দিকে।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। মোটর শোভাযাত্রাটি জলঢাকা পৌরসভাসহ পুরো নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বিকাল ৪টায় জলঢাকায় এসে শেষ হয়।
শোভাযাত্রার পুরোভাগে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী হুডখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার উচ্ছ্বসিত অভিবাদনের জবাব দেন। জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমির আলহাজ কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, সহ-সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এ মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। উপজেলার সবকটি ইউনিয়ন থেকে দুই হাজারের বেশি মোটরসাইকেলে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে এ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
কাঁঠালী ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিদ্দিকুর রহমান বিপ্লব বলেন, তারা কাঁঠালী ইউনিয়ন থেকে প্রায় দুইশত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত। গোলমুন্ডা ইউনিয়ন থেকে আগত হাবিবুর রহমান হাবিব বলেন, তারা গেলমুন্ডা ইউনিয়ন থেকে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করছেন এবং তিনি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।