উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
কক্সবাজারে উখিয়া উপজেলা সদরে মার্কেটে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু এবং নয়জন আহত হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২৫টির বেশি স্থাপনা সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দ্বগ্ধ হয়ে মৃত ব্যবসায়ী হলেন মোহাম্মদ আলী। তিনি সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। উখিয়া কাঁচাবাজারে ম্যাট্রেসের দোকান মালিক ছিলেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ডলার ত্রিপুরা বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে একজনের মৃত্যু এবং ৯ জন আহত হয়েছে। এছাড়া ঘটনায় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং বসতঘরসহ আরও ৯টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
ডলার ত্রিপুরা আরও বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত মোহাম্মদ আলীর লেপ-তোষকের দোকানের মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান শেষে আগুনের সূত্রপাতসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন। তিনি জানান, দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।