ফকিরহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৩:৫৬ পিএম
বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় থাকত।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।