মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকার ইছামতি নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিরটিকে বনভিবাগের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিরটি আটক করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ইছামতি নদীতে কুমিরটি দেখতে পায় এলাকাবাসী। কুমিরটি ধরার জন্য রশি দিয়ে বিশেষ কায়দায় ফাঁদ পেতে শুক্রবার সকাল থেকে নদীর পাড়ে অপেক্ষা করতে থাকেন তারা। অবশেষে রাত ৯টার দিকে কুমিরটিকে নদীতে দেখতে পেয়ে এলাকাবাসী একজোট হয়ে ফাঁদ দিয়ে কুমিরটি ধরে তীরে আনেন। কুমিরটি দেখতে নদীর পাড়ে ভিড় জমান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম টিপু জানান, কুমির আতঙ্কে এলাকাবাসী নদীতে গোসল করাসহ অন্যান্য কাজ করতে ভয় পেত। সেজন্য এলাকাবাসী একত্রিত হয়ে রশির সাহায্যে ফাঁদ বানিয়ে শুক্রবার রাতে কুমিরটি আটক করে। শনিবার বেলা ১১টার দিকে কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।