প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:০৮ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শনিবার বিকেলে (৮ নভেম্বর) ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক কর্মসূচির মাধ্যমে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন এতিম শিশু দুটির সার্বিক খোঁজ-খবর নিতে।
এরই ধারাবাহিকতায় শনিবার অসহায় ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমানের পক্ষে আগামীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পাবনা-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া শিমুল বিশ্বাস।

এদিকে মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।
আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী মানবিক এই কর্মসূচিতে অংশ নেন।