খুলনা অফিস
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বললেন, দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে যুবসমাজই প্রধান শক্তি; অথচ তারা আজ সবচেয়ে বেশি অবহেলিত। রাষ্ট্র তাদের মেধা বিকাশে কোনো ভূমিকা রাখছে না, বরং তাদের সম্ভাবনা নষ্টের নানা আয়োজন চলছে। তিনি বলেন, আদর্শ, ন্যায় ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে নৈতিকতাসম্পন্ন যুবসমাজের বিকল্প নেই।
শনিবার (৮ নভেম্বর) খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, মাওলানা সাইফুল ইসলাম ও ছাত্রশিবির নেতা আল ইমরান শেখ। ফাইনালে ট্রাইবেকারে ২-১ গোলে ড্রিম আইটি জয় লাভ করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জনে ব্যর্থ হয়েছে। যুবসমাজ আজ বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও অশ্লীলতার মতো সমস্যায় জর্জরিত। তিনি বলেন, ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধের আলোকে কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেই এসব সমস্যা সমাধান সম্ভব। যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাসূল (সা.)-এর জীবন চরিত অধ্যয়ন ও অনুসরণ করলে যুবকরা সফল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ যুবসমাজই টেকসই উন্নয়নের পথ দেখাতে পারে।
এ ছাড়া দিনব্যাপী তিনি খানজাহান আলী থানার গিলাতলা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ এবং ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।