খুলনা অফিস
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১১:০৪ এএম
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে কয়রাবাসীর হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেব।
শনিবার (৮ নভেম্বর) কয়রার বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনাকে বাংলাদেশের কুয়েত বলা হয় কয়রার জন্য। এই অঞ্চলের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার মৎস্যখাত ধ্বংস করে দিয়েছে। তারপরও ভাঙনকবলিত কয়রার মানুষ সংগ্রাম করে বেঁচে আছে, চিংড়ি চাষ করছে অথচ তাদের পাশে কেউ নেই।
তিনি আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দক্ষিণাঞ্চলের মানুষ আজও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি কয়রা-পাইকগাছার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
বাগালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম সানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুল মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফফার, মাওলানা গোলাম মোস্তফা, জিএম গোলাম মোস্তফা, এস এম রহিম গাজী, আবুল হোসেন, সাব্বির আলম বাবু, পীর আলী, নজরুল গাজী, ফরিদুল ইসলাম ও পলাশ প্রমুখ।
সভা শেষে বিএনপি প্রার্থী বাপ্পী স্থানীয় দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।