সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১৮ পিএম
চাটখিল-সোনাইমুড়ীকে বাংলাদেশের আর্দশ নির্বাচনী আসন করব বলে মন্তব্য করেন নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপির দেওয়া ৩১ দফা বস্তবায়ন করব। চাটখিল-সোনাইমুড়ীকে বাংলাদেশের মধ্য অন্যতম আর্দশ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন করব। এ সময়ে তিনি আরও বলেন, আমাদের এলাকার মানুষ বাংলাদেশের মধ্যে যথেষ্ট স্বাবলম্বী। কিন্তু সঠিক জায়গায় তারা বিনিয়োগ করতে পারছে না। আমি নির্বাচিত হলে বিশ্বমানের শিল্পায়ন এ অঞ্চলে গড়ে তুলব। যাতে এ অঞ্চলের মানুষ আরও উন্নত হতে পারে এবং রাজস্বে ভূমিকা রাখতে পারে।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।